নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ ক্যাডার আটক
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাঁচজন ক্যাডারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ফেডারেল সাজার পাশাপাশি ডিপোর্টেশনের সম্ভাবনাও রয়েছে।
কনস্যুলেটে সংঘটিত এ ন্যক্কারজনক হামলার পর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। একইসাথে নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ইন্টারন্যাশনাল কমিশনের কাছেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
এ অভিযোগকে গুরুত্ব সহকারে নিয়ে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চালায়। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হলেও, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের ফেডারেল জেল শাস্তির পাশাপাশি বাংলাদেশে ডিপোর্টেশনও হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা সৃষ্টির ঘটনায় জড়িতদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং অনেকে কনস্যুলেট ভবনে হামলাকে দেশের ভাবমূর্তির ওপর আঘাত হিসেবে দেখছেন