বন্দুকধারীর হামলা যুক্তরাষ্ট্রের মেমফিসে, ২ জন নিহত
মো: নাজমুল হাসান বাবু ॥
টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ছয়জন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’
এর আগে পুলিশ বলেছিল, ওই ঘটনায় ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, আহতদের একজনের অবস্থা গুরুতর। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অনুমতি ছাড়াই এ ব্লক পার্টি আয়োজন করা হয়েছিল। প্রায় ২০০-৩০০ মানুষ সেখানে যোগ দিয়েছিলেন।
মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান সেরেলিন ডাভিসের বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, অন্তত দুজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। সিবিএস নিউজকে ডাভিস বলেন, আমাদের ধারণা, এ ঘটনার সময় অন্তত দুজন গুলি চালিয়েছেন এ ব্যাপারে বিস্তারিত জানতে তাৎক্ষণিকভাবে মেমফিস পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।